রবিবার, ২৯ জুন, ২০২৫

সুজয় চক্রবর্তীর গল্প : বছর দশ পর


ঝিনুককে দরজা বন্ধ করতে দেখেই বুকের ভেতরটা ছ্যাক করে উঠলো শুভেন্দুবাবুর। রাগের মাথায় মানুষ কখন যে কি ক'রে বসে!
----- বড়ো বউমা, দরজা খোলো। দরজা খোলো, মা। এমন ছেলেমানুষি ক'রো না। 
সজোরে দরজা ধাক্কাতে লাগলেন শুভেন্দুবাবু। দাদুকে ওভাবে দরজা ধাক্কাতে দেখে ভয়ে বড়ো বড়ো চোখ করে তাকিয়ে আছে তপাই। শুভেন্দুর তিন বছরের নাতি। স্পষ্ট করে কথা বলতে পারে না এখনও। 
----- মা দলজা খুলতে না কেন দাদান্ ?
----- তুমি একবার ডাকো দাদুভাই, মা ঠিক দরজা খুলবে।
ছোট্ট দুটো হাত দিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো তপাই। 
----- মা, দলজা খোলো। মা, দলজা খোলো। 
মা দরজা খুলছে না দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে। 
দু'হাত দূরেই সোফায় বসে আছে কমল। না শোনার ভান করে মোবাইলে গেম খেলে চলেছে। নাতিকে কোলে তোলার বৃথা চেষ্টা করে যাচ্ছেন শুভেন্দু। তার কান্না থামছে না কিছুতেই। 
দরজা ভেজানোই ছিল। মুদির বাজার করে ঘরে ঢুকলো সবিতা। কাজের মেয়ে। তপাইকে ওভাবে কাঁদতে দেখে একপ্রকার জোর করেই কোলে তুলে নিল তাকে। কিন্তু থামলো তো না-ই, তপাইয়ের কান্না দ্বিগুণ গেল বেড়ে। 
ওদিকে ঘর বন্ধ করে ঝিনুক সমানে বালিশে মুখ গুঁজে শুধু কেঁদে চলেছে। শেষে কি না গায়ে হাত দিলো কমল! কি হবে এই তাচ্ছিল্যের জীবনটা রেখে! জীবনটা শেষ করে দিতে হাতের কাছে সবকিছুই মজুত। বদ্ধ ঘরে কেউ বাধাও দেবে না! কিন্তু দরজার বাইরে শুধু তার জন্যই এক নাগারে কেঁদে চলেছে তপাই ----- তারই রক্ত, মাংস, দিয়ে গড়া এক অবোধ শিশু। সে চলে গেলে তপাইকে কোলেপিঠে করে কে  মানুষ করবে ? নাড়ি ছিন্ন করে তাকে যে পৃথিবীর আলো দেখিয়েছিল সে-ই। দায় তো তাই তারই! কেননা এক অকালকুষ্মাণ্ড যদি হয় তার জন্মদাতা পিতা, তার তো প্রতি পদে পদে বিপদ! হঠাৎ ডেসিন টেবিলের আয়নায় চোখ পড়লো ঝিনুকের। আয়নার ঝিনুক যেন তাকে বলছে, ' দরজা খোলো ঝিনুক। তপাই কাঁদছে।'
দরজা খুললো ঝিনুক। তপাইকে সবিতার কোল থেকে নিজের কোলে নিয়ে নি:শব্দে কেঁদে ফেললো সে। শুভেন্দুবাবু তার পিঠে হাত রাখলেন। 
বসার ঘরে সোফার উপরে মাথা নিচু করে তখনও বসে আছে কমল। হাতে মোবাইল। ঝিনুককে বেরোতে দেখে একবার তাকালোও। শুভেন্দুবাবু কমলের দিকে তাকিয়ে বিরক্তির সঙ্গে বললেন, ' ছি!  বড়ো খোকা, ছি! তোকে যে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না!'
ঘাড় নাড়তে নাড়তে তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন। মাথা তুলে বাবার চলে যাওয়ার দিকে তাকালো কমল। তারপর বাইকের চাবিটা নিয়ে সোজা বাইরে বেরিয়ে গেল সে।
এই গম্ভীর পরিবেশে সবিতা রান্না ঘরে যাওয়ার সাহসও পাচ্ছে না। এদিকে বেলা বয়ে যাচ্ছে।
ঝিনুক এখন চোখের জল মুছে তপাইকে স্নান করানোর তোরজোড় করছে। মুখে কোনও কথা নেই তার। আজ দিনটা অন্যরকম। দিন পনেরো আগেই সেটা হতে পারতো। ঝিনুক তা চায়নি। সময়। সময় দিয়েছিল কমলকে। যাতে আর কোনও দিনই সে বর্ণালীর ছায়া না মাড়ায়। গত রাতেও তো এই নিয়ে একচোট হয়ে গিয়েছে। আর আজ সকালে বর্ণালীর ফোনটা আসার পরেই এই গণ্ডগোল।
(২)
----- কে এই বর্ণালী, রজতদা?
সম্পর্ক উর্বর হলে পরও কখন আপন হয়ে যায়। রজতকে দাদা বলেই ডাকে ঝিনুক। রজত কমলের কলিগ। নিজের বোনের মতো ভালোবাসে ঝিনুককে। 
----- বর্ণালী আমাদের সেকশনে নতুন জয়েন করেছে। মেয়েটি এমনি মিশুকে। আনম্যারেড। বাবার একটাই মেয়ে। বাড়ির অবস্থা ভালো।
----- কিন্তু কিভাবে ব্যাপারটা....
----- ওরা প্রায়ই অফিস শেষে একসঙ্গে ঘুরতে বেরোয়, এরকম কানাঘুষো শুনেছি। তবে সেদিন যেটা ঘটেছে...  আর বসে থাকতে পারলাম না, তাই ছুটে এলাম। 
----- কি এমন ঘটলো রজতদা...
----- আমাদের স্টাফ পুলককে তো তুমি চেনো?
---- হ্যাঁ, একবার দেখেওছি রাতুল চৌধুরীর মেয়ের বিয়েতে।
-----  সেদিন প্রায় সবাই-ই ছুটির পর অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম। ছিল শুধু কমল, বর্ণালী, গ্রুপ ডি স্টাফ দুজন আর পুলক। পুলকের মুখের কথায় আমি বিশ্বাস করিনি। যখন মোবাইলে সেই ছবি দেখালো, আমি আকাশ থেকে পড়লাম! কমল কি না  বর্ণালীর কোলে মাথা রেখে শুয়ে আছে, আর বর্ণালী বিলি কাটছে মাথায়!....  জানি তোমার খুব কষ্ট হচ্ছে শুনতে। কিন্তু মনে হল তোমাকে ঘটনাটা জানানো দরকার। এখনও সময় আছে, কমলকে ও পথ থেকে সরাও। 
রাতে খাওয়াদাওয়া হয়ে গেলে যে দুয়েকটা কথা হয়েছিল ঝিনুক আর কমলের মধ্যে, তা এইরকম : 
---- বর্ণালী কে?
---- রজত এসেছিলো?
---- আমার প্রশ্নের উত্তর পাইনি।
---- ঐ তো বললাম। রজত এসেছিলো নিশ্চয়! ঐ-ই তো সব বলে গেছে। আবার আমাকে জিজ্ঞাসা কেন, বর্ণালী কে?
---- ওর সঙ্গে তোমার কী সম্পর্ক?
---- আর পাঁচটা কলিগের সঙ্গে যেমন...
---- বাজে কথা রাখো। আমি কি বলতে চাইছি, আশাকরি বুঝতে পারছো?
---- কী বলতে চাইছো?
---- স্বাদ বদল করছো?
---- আমার ঘুম পাচ্ছে। এই রাত দুপুরে চেল্লামেল্লি করতে ভালো লাগছে না। 
---- তাই! আচ্ছা, আমাদের কি প্রেম করে বিয়ে হয়েছিলো? 
---- আঃ, একটু ঘুমোতে দেবে?
---- ঘুম? আমার ঘুম কেড়ে নিয়ে তুমি ঘুমোবে?
---- চিল্লিও না। পাশের ঘরে বাবা আছে। তপাই জেগে উঠবে।
---- বাঃ, কতো ভাবো তুমি! কতো ভাবো! এই ভাবনাটাই আগে হয়নি কেন? আমার কথা ভেবেছিলে? ভাবোনি।....  যাক, একটা কথা বলে রাখলাম, দ্বিতীয়বার যেন বর্ণালীকে নিয়ে তোমার নামে কোনও কথা না শুনি। 
(৩)
সেই রাতের পর থেকে বর্ণালীর কোনও নামগন্ধ শোনা যায়নি কমলদের বাড়িতে। অনেকদিন। কিন্তু আজ সকালে একটা আননোন নম্বর থেকে ফোন এসেছিলো কমলের মোবাইলে। কমল তখন টয়লেটে।
---- হ্যালো কে? 
---- আমি বর্ণালী বলছি। কমলদা নেই?
---- বর্ণালী?  না, এটা রঙ নম্বর। ফোনটা কেটে দিয়েছিলো ঝিনুক। এর ঠিক পাঁচ মিনিট পরে আবার ফোন এসেছিলো। সেম নম্বর। ফোনটা ধরে চুপ করেছিলো ঝিনুক। 
---- হ্যালো, ফোনটা কাটছেন কেন, এটা কমলদারই নম্বর।
---- হ্যাঁ, কমলদার নম্বর। কি দরকার বলো।
---- সেটা কমলদাকেই বলবো।
মাথাটা হঠাৎ গরম হয়ে গিয়েছিল  ঝিনুকের। আর সামলাতে পারেনি।
---- বেহায়া কোথাকার! আর কোনও দিনও যদি তুমি এই নম্বরে ফোন করেছো...ফোনটা কেটে দেয় ঝিনুক।
এরমধ্যেই কখন যে কমল তার পেছনে এসে দাঁড়িয়েছে, তা টের পায়নি সে। ঝিনুকের হাত থেকে মোবাইলটা এক প্রকার ছিনিয়ে নিয়ে একটা চড় কষিয়ে দিলো কমল। এই প্রথম। দশ বছরের বিবাহিত জীবনে এই প্রথম ঝিনুকের গায়ে হাত তুললো কমল। 
(৪)
তপাইকে স্নান করানো হয়ে গেছে। ও এখন ব্যালকনিতে দাদুর সঙ্গে গল্প জুড়েছে। সবিতা রান্নাঘরে। সবকিছু আন্দাজ করে ঝিনুককে আর ঘাটায়নি সে। ঝিনুক এখন বেডরুমে ঠাইঁ বসে। 
এ ঘটনা কার সঙ্গে শেয়ার করবে ঝিনুক? মা'র সঙ্গে? মা'র বয়স হয়েছে। চিন্তা করবে। তবে কাকে বলা যায়, যাতে একটু হলেও হাল্কা হতে পারে ঝিনুক। কেয়াকে কি ফোন করা যায়! ও তো ঝিনুকের পুতুল-বেলার বন্ধু। ও তো বুঝবে ওর ব্যাপারটা। স্কুলে থাকতে কতো কথা তো শেয়ার করেছে কেয়াকে! 
অনেকদিন ফোনাফোনি হয়নি দুজনের। নম্বরটা ডায়াল করতেই সেই চিকন গলা, বাব্বা, তুই তো একদম ভুলেই গেছিস!
----- ভুললে কি আর ফোন করতাম?
---- যাক্, কেমন আছিস বল্।
---- তুই কেমন আছিস বল্।
ঝিনুকের কথার উত্তরে এক মুহূর্ত না থেমে কেয়া বললো, বিন্দাস! খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেরাচ্ছি, বরের পকেট কাটছি আর বাচ্চা সামলাচ্ছি।
----বাঃ, খুব ভালো! বরের পকেটও কাটছিস?
---- কি করবো বল, বড্ড হিসাবি। আমি অতোটা পারি না। যাক্, এবার তোর কথা বল্।
একটু হেসেই ফেললো ঝিনুক। সে হাসিতে কি ছিল না বুঝলেও, হাসির শেষে যে দীর্ঘশ্বাস নিল ঝিনুক, তা টের পেল কেয়া।
---- ভালোই তো ছিলাম...কিন্তু ইদানীং কেমন যেন সব এলোমেলো হয়ে গেল!
---- কেন, কি হল? শুনেছি তো শাশুড়ি নেই। ননদও নেই...
---- মিনষে তো আছে।
হেসে ফেললো কেয়া।
---- কি বললি, 'মিনষে'?  তা তোর 'মিনষে' আবার কি করলো?
---- প্রেম।... উনি আবার প্রেমে পড়েছেন।
---- ধ্যাত, কমলদা! এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
---- হলেও বলি, এটাই ঠিক। আর তারপর...
---- তারপর কী?
---- না, থাক।
---- আপত্তি থাকলে বলিস না।
---- না, তা ঠিক না। কি আর বলবো বল্, শেষটাই গায়েও হাত তুললো কমল!
---- এমা, তাই!
---- হ্যাঁ। আজ।
বিস্তারিত জানার পর কেয়া সহানুভূতির সুরে বললো, 'আরে, তাতে তুই এত আপসেট হয়ে পড়ছিস কেন বলতো! একটা 'টি-টোয়েন্টি' তুইও খেল না!'
---- মানে?
---- মানে আবার কি, এখন দিনকাল অনেক বদলে গেছে। সব জেনেশুনেও কাছুমাছু হয়ে ঘরের কোনায় বসে থেকে আসন সেলাইয়ের দিন নেই আর। ওকেও বুঝতে দে না কতটা কষ্ট তুই পেয়েছিস। একা একা কেন গুমড়ে মরবি! তোরও তো একটা জীবন আছে। পছন্দ-অপছন্দ, ভালোলাগা -মন্দলাগা আছে!
---- কী বলতে চাইছিস ?
---- বলছি, একটা বন্ধু খোঁজ ঝিনুক। দেখবি, তোর পরিচিত গণ্ডির মধ্যেই কাউকে পেয়ে যাবি; যে তোর অনুভূতিগুলো বুঝতে পারবে।
---- ইয়ার্কি মারিস না কেয়া।
---- আমি ইয়ার্কি মারছি না রে। সত্যি বলছি, এখন একজন বন্ধুর খুব দরকার তোর। যে তোর কথা ভাবে না, তুই-ই বা তার কথা ভেবে ভেবে কষ্ট পাবি কেন! তাছাড়া তুই উচ্চ শিক্ষিত, একটা কাজ ঠিক জোগাড় করে নিতে পারবি, দেখবি।.... তবে তপাই ছেলে মানুষ। ওকে কষ্টটা বুঝতে দিস না।'
---- এসব কোনও দিন স্বপ্নেও ভাবিনি কেয়া। এসব স্কুল-কলেজ লাইফে হলে বলতে পারতিস। এখন আমরা সংসারী। এসব ভাবাও তো পাপ!
---- পাপ? সংসার কি তোর একার না কি? সে তো এসব কিছু ভাবছে না!.... শোন, তুই ভালো থাকলে বন্ধু হিসেবে আমারও ভালো লাগবে। তাই বলা.... এই রে! 
---- কি হল?
---- আর বলিস না,  আমার ছোটছেলেটাতো এখন একা একাই পায়খানায় বসতে শিখে গেছে। কিন্তু পটি করার পর জলটা সেই আমাকেই ঢেলে দিতে হয়। পটি করে দাঁড়িয়ে আছে। ডাকছে। ভালো থাকিস, বুঝলি। পরে ফোন করবো। 
মোবাইলটা খাটের ওপর রেখে চুপ করে বসে থাকলো ঝিনুক। অনেকক্ষণ। ভাবছিল কেয়ার কথাগুলো। এটা ঠিক, কমলের সঙ্গে তার সম্পর্কটা আর আগের মতো নেই। জানে কমলও। এভাবে সম্পর্ক টেকে না। সত্যিই তো, সংসার তার একার নয়, কমলেরও। কি হবে এই মিথ্যে সম্পর্কটা আগলে রেখে! লোক দেখানো 'বরবউ' সেজে! 
ঝিনুক ভাবছিল তপাইয়ের কথাও। যদি সত্যিই একদিন তপাইকে সঙ্গে করে বেরিয়ে যেতে হয় এই সংসার থেকে, কিভাবে নেবে ও ব্যাপারটাকে? প্রথম প্রথম খুব কষ্ট পাবে নিশ্চয়। তারপর ধীরে ধীরে সব সয়ে যাবে। 
---- বউমা, দাদুভাইকে খাইয়ে দাও। ওর পেটে কিছু নেই। 
পেছন ঘুরে ঝিনুক দেখলো বাবা দাঁড়িয়ে। শুধু তো তপাই নয়, এই লোকটির কথাও তো তার ভাবা দরকার। বয়স হয়েছে তারঁ। হার্টের পেশেন্ট। তপাইকে তারঁ কোল থেকে ছিনিয়ে নিয়ে গেলে,  তিনি কি করে বাঁচবেন? তিনি তো একা! 
---- ও, বউমা, আজ কমল এলে আমি একবার তোমাদের সঙ্গে বসবো, বুঝলে! 
ঝিনুককে কিছু বলার সুযোগ না দিয়েই শুভেন্দুবাবু ধীরে ধীরে তারঁ শোওয়ার ঘরের দিকে পা বাড়ালেন।
শ্বশুর মশাইয়ের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঝিনুক। ঋজুদেহ মানুষটাকে আজ কেমন ঝুঁকে চলতে দেখলো সে!
   
--------

বুধবার, ২৮ মে, ২০২৫

একটি প্রেমের গল্প : সুজয় চক্রবর্তী



ব্যাচেলার থাকার এই এক সমস্যা।  সহজে বাড়ি ভাড়া পাওয়া যায় না । সবাই-ই 'ফ্যামিলি' চায়!

আমার এখনও 'ফ্যামিলি' হয়নি । লাইনে আছি । কিন্তু সেই সময়টুকু দিলে তো ! যেখানেই ঘরের জন্য যাই, সেই এক কথা, 'ফ্যামিলি আছে তো? ', 'ও, আপনি ব্যাচেলর ! না  ভাই, অন্য কোথাও দেখুন।' একজন তো একবার বলেই দিলেন, ' ঘর তো ফাঁকা। বলেন তো, হাতে একটা মেয়ে আছে, দেখাতে পারি।' মানে আমাকে বিয়ে দিয়ে তবেই তিনি তার ঘরে ঢোকাবেন ! বিটকেলে পাবলিক সব । কিছুতেই বোঝাতে পারি না, আমার এখন বউ চাই না, ঘর চাই। অনেক কাঠখড় পুড়িয়ে সবে মাত্র চাকরিটা পেয়েছি । বাড়ি থেকে বেশ দূরে। একটু গুছিয়েগাছিয়ে না নিয়ে এসবে নেই আমি ! সেকথা বাড়িতেও বলেছি । দুটো বছর সময় লাগবে আমার। কিন্তু বাড়ির লোকও সে কথা শুনলে তো!  বিশেষ করে মা। সারাক্ষণ কানের কাছে ঘ্যানঘ্যান। কোনওরকমে থামিয়ে রেখেছি। আর ঠিক করেছি, বছর দুই পরেও যদি বাসা ভাড়াই থাকি, তো ঐ লোকটাকে গিয়ে একদিন বলবো, ' এই দেখুন, ফ্যামিলি আছে । ঘর খালি আছে আপনার? '

যাইহোক, শেষে আমার মেজো মাসির দূর সম্পর্কের এক জামাইকে ধরেটরে অনেক খোঁজ-খবর করার পর জয়িতাদের এই বাড়িটাতে থিতু হয়েছি ।

আমি এ পাড়ায় নতুন । এক মাসও হয়নি। ধীরে ধীরে পরিচিত হচ্ছি আশপাশের লোকজনের সঙ্গে । অনেকের সঙ্গেই আলাপ এখনও বাকি । সামান্য যাদের সঙ্গে কথা হয়েছে, তাদের মধ্যে আছে সনাতনের বাবা, কীর্তনীয়া বিশু, সুমনের দিদিমা আর বিশালের মা ।
 অফিস যাওয়ার সময় একটা দৃশ্য আমি রোজ দেখি । জয়িতাদের বাড়ির পাশের ফাঁকা মাঠটাতে একটা বাচ্চা মেয়ে খেলছে। একা একাই । বয়স তিন কি চার হবে । কখনও কাদামাটি, কখনও ধুলোবালি নিয়ে ওর খেলা । কোনও ঝামেলা নেই। কান্নাকাটি নেই।

 একদিন অফিস যাওয়ার পথে ওর নামটাও জানতে পেরেছি । পামেলা। খুব মিষ্টি একটা মেয়ে। খালি গা। সারা হাতপায়ে ধুলো। কিন্তু একগাল হাসি।
আমার নতুন চাকরি। বাড়ি থেকে  হাতে একটু সময় নিয়ে বেরোই । অনেকদিন অফিস থেকে ফেরার সময়েও ঐ একই ছবি দেখেছি । বাচ্চাটা একমনে খেলছে । কখনও পুতুলকে শাড়ি পরাচ্ছে, কখনও হাড়িতে ভাত চাপিয়েছে ; এইরকম আর কি।

এরমধ্যেই পামেলা আমাকে বেশ চিনে ফেলেছে ৷ রাস্তায় দেখলেই জিজ্ঞাসা করে, ' কাকু, কুথায় যাচ্ছো? কখনও বাজারফেরত আমাকে দেখতে পেলে জানতে চায়, 'কী এনেছো ?' আবার কখনওসখনও আমিও ওর 'রান্না' করা খাবার মুখে দিয়ে বলি, 'বাঃ, হেব্বি হয়েছে !' ও খুব মজা পায়। কিন্তু প্রায়ই ও 'ডিমে'র ঝোল 'রান্না' করে। আর সেই গরম ডিমের ঝোল খেয়ে আমার যখন জিভে 'ছ্যাঁকা' লাগে, তখন যেন ওর হাসি আর ধরে না মুখে! মাঝেসাঝে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখি  পামেলার মা'কে । কখনওসখনও চোখাচোখি হয়। ঐ পর্যন্তই।  কথা হয়নি কোনও দিনও। তবে আমি যে জয়িতাদের ভাড়াটে, সেটা জানে।

আজ যাওয়ার সময় দেখলাম পামেলা কাঁদছে! রান্নাবাটি খেলছিল। বোঝা গেল ওকে কেউ বকেছে । খুব খারাপ লাগলো । থেমে গেলাম ।
মুখ নামিয়ে বললাম , ‘ কি হয়েছে তোর, কাঁদছিস কেন ?’
---- মা মেরেছে।
---- নিশ্চয় তুই দুষ্টুমি করেছিস?
---- না, আমি কিছু করিনি...
---- তাহলে মা তোকে এমনি এমনি মারলো !
----- হ্যাঁ ।
---- আচ্ছা, দাঁড়া, তোর মা'কে আমি বকে দিচ্ছি।
কথাটা বলে নিচু হয়ে ওর চোখদুটো হাতের চেটো দিয়ে মুছে দিলাম।

খেয়াল করিনি । চোখ সরাতেই দেখলাম সামান্য তফাতে দাঁড়িয়ে রয়েছে পামেলার মা ! শিউলি।  সেদিন জেনেছি ওর নামটা।  জয়িতা কোন একটা ব্যাপারে 'শিউলি বৌদি' বলে কথা বলছিল।

তা, 'বৌদি' যখন, দাদা নিশ্চয় আছে। এর আগে এত কাছ থেকে ওকে কখনও দেখিনি। যেটুকু নজরে পড়লো, তাতে হাতে চুড়ি, মাথায় সিঁদুর কিছুই দেখলাম না। অবাক হইনি। এখন অনেকেই এসব পরে না। এরজন্য যুক্তিও আছে তাদের। আমার মাসতুতো বোনটা  এরকমই। ও প্রায়ই একটা কথা বলে,' কই, পুরুষরা তো বিয়ের পর কোনও চিহ্নই বয়ে বেরায় না, যার থেকে বোঝা যায় পুরুষটি বিবাহিত! তাহলে মেয়েরা কেন বয়ে বেড়াবে!' তাতো ঠিকই । একেবারেই বাস্তব । আমার ভালো লাগে ওর কথা। আমি সায় দিই।

শিউলির দিকে তাকাতে দেখলাম লজ্জামাখা একটা মুখ ৷ কিন্তু বেশ মোহময়ী। নিশ্চিত, পামেলার সঙ্গে আমার কথাবার্তা ও শুনেছে! ততক্ষণে আমিও কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছি । বকা তো দূর অস্ত। শিউলিকে দেখে মুখ দিয়ে কোনও কথাই আমার বেরোলো না!  আর বেরোবেই বা কি করে? তাকে বকার অধিকারই বা আমাকে কে দিয়েছে ? মাথা নিচু করেই ছিলাম। ঘড়িতে চোখটা পড়তেই পা চালালাম। শুধু আমার চাকরিটাই নতুন নয়, অফিসে বসও নতুন!
এরপর শিউলিকে দূর থেকে দেখলেই আমি মাথা নিচু করে ফেলতাম। লজ্জায়। লজ্জা পাবারই কথা। যার সঙ্গে তেমন কোনও পরিচয় নেই, সেই তাকেই কি না বকাঝকা! বুঝতে পারলাম সেদিন কথাটা বলে ঠিক করিনি। কথাটা যে জাস্ট বলার জন্যই বলা, তা শিউলিও জানে। তবু লজ্জাটা আমার একটু বেশিই। তাই মাথা হেঁট হয়ে যেত ওকে দেখলে। শেষ পর্যন্ত অফিস যাওয়া আসার রাস্তাটাই পালটে ফেললাম! এখন পামেলা বা শিউলি কারও সঙ্গেই আর দেখাটেখা হয় না।

পাড়ায় যাদের সঙ্গে দেখা হলে খুব সহজেই পাশ কাটাতে পারি না, তাদের মধ্যের একজন হল কীর্তনীয়া বিশু। ওর কথা বলার ধরন যে কাউকেই মুগ্ধ করে। রাস্তায় দেখা হলে কুশল সংবাদ ও  জিজ্ঞেস করবেই,  এই সৌজন্যবোধটা ওর আছে । কীর্তনীয়া বিশু এ পাড়ায় অনেক দিন আছে । দূর সম্পর্কের এক মামার বাড়িতে থাকে, খায়। এছাড়া নিজের আর কেউ নেই। রোজগার বলতে অন্য তল্লাটে গিয়ে  কীর্তন শুনিয়ে যা পায়। খুচরো পয়সা, চাল-ডাল। বিয়ে-থা হয়নি। আর জীবনে করবে বলেও মনে হয় না৷  পাড়ার প্রায় সব খবরই রাখে ও। দীপকের বউয়ের কবে বাচ্চা হবে, নন্দিতার বৌদি কেন বাপের বাড়ি চলে গেছে, টুম্পার বাবা কেন ওর দাদাকে মেরেছে, এমন হাজারটা ঘটনার কথা জানে ও ।

আজ শনিবার। অফিস ছুটি। খোকনের পান বিড়ির গুমটির সামনে বিশুকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল । তাই হয়তো আজ আর বেরোয়নি । কথায় কথায় পামেলাদের কথা উঠলো। মানে, আমিই উঠালাম আর কি। জানতে পারলাম বিয়ের বছর খানেকের মাথায় না কি বাইক অ্যাক্সিডেন্ট হল তরিতের। তড়িৎ মানে পামেলার বাবার। পামেলা তখন পেটে। ব্রেন ইনজুরি।  সরকারি হাসপাতালে চিকিৎসা চললো ছ'মাস। প্রথম দিকে কিছুটা ভালোর দিকে ছিল তড়িৎ। শেষে ভুল চিকিৎসায় মারা গেল ! এরজন্য ডাক্তার ,নার্স দায়ী না । দায়ী নাকি শিউলিই ! 'অলক্ষ্মী' আসার পর থেকেই এক এক করে অনেকগুলো অঘটন ঘটেছে তাদের সংসারে। তাই শাশুড়ি মা যে আর কোনও অঘটন ঘটাতে চান না, সে কথা ঠারেঠোরে বুঝিয়েও দিয়েছেন। তবু মুখ বুঁজে ছিল শিউলি। কিন্তু যেদিন পামেলা হল, সেদিন হাসপাতাল থেকেই সে যাতে বাপের বাড়ি চলে যেতে পারে, তার সব বন্দোবস্ত পাকা করে রেখেছিলেন শাশুড়ি মা। সেই থেকে শিউলি আছে বাপের বাড়ি। আসলে গীতা দে'র মতো শাশুড়ি যার কপালে, তার সংসার জীবনে তো অনেক কষ্টই ভোগ করতে হবে! শিউলি ঝরে পড়লো অকালে ; মা-বাবার সংসারে। এখন সে বাধ্য হয়ে বিড়ির কুলো হাতে নিয়ে বসেছে।

শিউলির সম্পর্কে যেটুকু বললো বিশু, তাতে যেকোনও সংবেদনশীল মানুষেরই খারাপ লাগতে বাধ্য। আমারও লেগেছিল। আরও বিশেষ করে খারাপ লাগলো ওর সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা নিয়ে বসে ছিলাম। একজন স্বামীহারা মহিলা কত কষ্ট সহ্য করে যে একটা বাচ্চাকে মানুষ করে তুলছে, তার প্রতি সহানুভূতি দেখানোর যে প্রয়োজন, সে বোধ আমার ছিল না। করুনা হয় নিজের ওপর।

আজ আবার বিশুর সঙ্গে দেখা বটতলায়। একথাসেকথায় বিশু যা বললো, আমি তো শুনে থ'। শিউলি নাকি আমাকে আর দেখা যায় না কেন, তা জিজ্ঞেস করেছে তার 'বিশুদা'কে । বিশুকে সে এও  বলেছে, তাকে না কি অনেক দিন কেউ বকেনি ! শুধু সান্ত্বনা দিয়ে গেছে সবাই। সে এখন চায়, তাকেও কেউ বকুক।

আজ বছর দশ পরেও বুকে হাত দিয়ে বলতে পারি, শিউলিকে এতটুকু বকিনি আমি!

              -----------------------
(প্রকাশিত)

সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সুজয় চক্রবর্তীর গল্প : যেজন আছে মাঝখানে



ক্রমাগত হুমকির শিকার হচ্ছিল পলাশ। দাঁতে দাঁত চেপে এতদিন সব সয়ে যাচ্ছিল। এছাড়া তার আর কিছু করারও ছিল না। কিন্তু আজ যখন গায়ে হাত দিলো আব্দুলরা, ঘুষি দিয়ে মুখ ফাটিয়ে দিলো, তখনই সে স্থির করে নিয়েছিল আর পড়ে পড়ে মার খাওয়া যাবে না। পালাবে। তবে একা নয়, দুজনে।  

কলেজের ফাইনাল পরীক্ষা শেষ। বিকেলবেলা। আব্দুলদের পাঁচজনের দলটা ওকে যখন মারতে মারতে কলেজের মাঠের মাঝখানে নিয়ে গেল, তখন পলাশের গলার টুঁটি চেপে ধরে আব্দুল বলছিল, 'কাল থেকে তোকে যেন এলাকায় না দেখি। তাহলে কিন্তু ফল ভালো হবে না বলে দিচ্ছি।' পলাশ কিছু বলতে পারেনি। বলার চান্সই পায়নি। 

সারা কলেজ তখন হইহই রইরই অবস্থা। এলাকার প্রায় সব লোক ছুটে এসেছে সেখানে। কিন্তু কেউ আব্দুলদের হাত থেকে পলাশকে বাঁচানোর কোনো উদ্যোগই নিল না!  আসলে আব্দুলদের চেনে না, এলাকার খুব কম মানুষই আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেল পলাশ। ওর হয়ে কেউ বলবার ছিলো না তা নয়, বলেওছিল একজন, সে জাফর, 'ওই তোরা ওকে ছাড়। এই পলাশ শোন, মামনিকে যদি ভালোবাসিস, মামনিকে যদি বিয়ে করতে চাস, তাহলে মুসলমান হয়ে যা। কোনো বাঁধা থাকবে না। তখন তোর গায়ে হাত দেয় কোন কুত্তার বাচ্চা!' হাতের চেটো দিয়ে তখনও রক্ত মুছছে পলাশ। কোনো কথা বলেনি।

গণ্ডগোলের শুরু স্কুল থেকেই। কলেজে এসে সেই আগুনে ঘি পড়ছে শুধু। কো-এড স্কুলে ছেলেমেয়েদের মধ্যে একটু-আধটু প্রেম-টেম হয়। চিরকাল তা হয়েই আসছে। সব জায়গায়। তাই বলে একেবারে চিপকে যাওয়া কেস, এর আগে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপিঠে হয়নি, যেটা মামনি আর পলাশের মধ্যে হয়েছিল! কাঁঠালের আঠা নয় যে তেল দিলে উঠে যাবে। এ যেন ফেভিকুইক! পলাশরা দত্ত। কায়স্থ। মামনি খাতুন। মুসলিম ঘরের মেয়ে। দুটো ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ছেলেমেয়ের প্রেম কারোর সমাজই মেনে নেবে না, তা ওরা ভালো করেই জানতো। তবু শেষ চেষ্টা করছিল, যদি প্রেমটা টিকে যায়! দুজনেই তাদের পরিবারকে বুঝিয়েছিল ; সমাজে যে এর অনেক উদাহরণ আছে তাও তুলে ধরেছিল তাদের সামনে। কিন্তু কোনো কাজই হয়নি। বরং অশান্তির আবহেই চলছিল দিনগুলো। কিন্তু স্কুল শেষের পর কলেজে প্রবেশ করেও মামনি ও পলাশ জিইয়ে রেখেছিল তাদের সম্পর্কটা, খুব আলতোভাবে। 
তবুও নজরে এসেছিল আব্দুলদের। আব্দুল মামনির চাচাতো ভাই। বাড়িতে সে আবার তুলেছিল এই সম্পর্কের কথা। তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন মিনারুল শেখ। মামনির 'আব্বু'। মামনির চুলের মুঠি ধরে বলেছিলেন, 'তুই এখনো ঐ ছোকরার সঙ্গে লাইন মারোস? আমার কথা কানে ঢোকে নাই!'

মাথা নিচু করে চুপ করেছিল মামনি। কথা বলেনি।
------ কিরে, কথা কইস না ক্যান? হাউস লাগসে? হাউস? মিটাচ্ছি তোর হাউস।
তার পরেই ঘটলো কলেজ-মাঠের এই ঘটনাটা। পলাশ মার খাওয়ার পেছনে মিনারুল শেখের যে সায় ছিল, এটা শুধু পলাশ কেন, সবাই বুঝেছিল তখন। 

এ নিয়ে পলাশের বাড়িতেও যে কম অশান্তি হয়নি, তা নয়। বেশ বড়ো রকমের অশান্তি হয়েছিল। পলাশের পাশে তখন কেউ নেই। পলাশের বাবা তো বলেই বসলেন, 'তুই যদি আর না শুধরাস, আমি আর তোর মুখ দেখবো না। তোর জন্য আমাদের মান-সম্মান সব ধুলোয় মিশে গেল! পৃথিবীতে আর মেয়ে ছিলো না! ওসব সিনেমাতেই ভালো লাগে। বুঝলে? বাস্তবে না। জানবি, আমি এসবের মধ্যে নেই।' এরপর পলাশের মা'ও আর কোনো কথা বলেননি। ঠারেঠোরে তিনিও যে অসন্তুষ্ট, বুঝিয়ে দিয়েছেন। কিন্তু তাঁর চোখের কোণে তখন জল চিকচিক করছিল। 

মাঝে দিন চারেক সব ঠিক ছিল। কোনো বাড়িতেই তাদের সম্পর্কটা নিয়ে কোনো শব্দ খরচ করতে দেখা যায়নি কাউকে। ঠিক পঞ্চম দিনের মাথায় দুই বাড়ি থেকেই নিখোঁজ হয়ে গেল দুজন, পলাশ আর মামনি!
 
পলাশের বাবা ব্যাপারটা আন্দাজ করে রাগে পলাশকে 'ত্যাজ্যপুত্র' করলেন! আত্মীয়স্বজন তাঁকে হাজার বুঝিয়েও সিদ্ধান্ত থেকে সরাতে পারলেন না।

এদিকে মামনির 'আব্বু' মিনারুল শেখ মেয়ের খোঁজে 'লোক' লাগালেন। নিজেও গেলেন সঙ্গে। খুব একটা বেগও পেতে হলো না তাঁকে। খোঁজ পেলেন মামনির, সঙ্গে পলাশকেও। অনেক দূরে, যেখানে একটা ক্লাবের আশ্রয়ে রয়েছে তারা। মেয়েকে ঘরে ফেরানোর জন্য অনেক কাকুতিমিনতি করলেন মিনারুল। কাজ হল না। সঙ্গী এনায়েত সাহেব বললেন, 'মিনারুল, তুমার মেয়ে ভালো মোতো ওয়াশ হইছে। যা বুঝলাম! অরে আর ফিরে পাবা না।' উনি তফাতে সরে গেলেন। 
মিনারুল হাল ছাড়লেন না। পলাশকে স্বধর্মে নিয়ে আসতে মেয়েকে নানাভাবে বোঝানো শুরু করলেন তিনি। কিন্তু তাতেও কোনো ফল দিলো না। শেষে বাড়ি ফিরে এলেন  খালি হাতে। কেননা ক্লাবের সেক্রেটারি আগে থেকেই বলে রেখেছিলেন, 'আপনারা কাউকে জোর করবেন না। ওরা এখন প্রাপ্ত বয়স্ক। ওরা যেটা চায়, আপনাদের সেটা মেনে নিতে হবে। ওরা এখন আমাদের আশ্রয়ে আছে। নাহলে আমরা কিন্তু থানার দ্বারস্থ হবো।'

।।২।।
মামনি-পলাশও সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিল ------দুজনের কেউই ধর্মান্তরিত না হয়ে এক ছাদের তলায় থাকবে। একাজে পাশে পেল ক্লাবকে। দিব্যি দিন কাটাতে লাগলো তারা। কোনো অসুবিধা হল না কারও। ওদের এই সিদ্ধান্তকে শুভকামনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন এলাকার বেশ কয়েকজন শুভবুদ্ধিসম্পন্ন মানুষও। কুর্নিশ জানালেন তাদের সিদ্ধান্তকে। এগিয়ে এলেন এক প্রবীণ নাগরিক। ওদেরকে আশীর্বাদ করে বললেন, 'সাধারণ স্তরেও মানুষের চিন্তা-ভাবনার বদল ঘটছে। শেষ পর্যন্ত যে আমরা সবাই মানুষ, বুঝতে পারছেন কেউ কেউ!'
দিন যায়। মাস যায়। বছর যায়। ইতিমধ্যে মামনির কোল আলো করে এসেছে তিয়াস, ওদের একমাত্র পুত্র সন্তান৷ নানা সুখদুঃখভয়ের মধ্যে দিয়েও মামনি ও পলাশ চাইলো, ছেলেটা মানুষের মতো মানুষ হোক। দেখতে দেখতে সে ছেলে এবার নয়ে পড়েছে।

এদিকে হজে যাওয়ার সুযোগ এসেছে মিনারুলের। হজে যাওয়ার আগে একবার মামনিকে দেখতে ইচ্ছা করছিল তাঁর। সেইমতো বাড়িতে পাড়লেন কথাটা। বিবি রুখসানাও মেয়েকে দেখেননি কতো বছর! তাঁর কৌতূহল, মামনিকে দেখতে এখন কেমন হয়েছে। দুইজনেই কাউকে না জানিয়ে মামনিকে দেখতে যাওয়ার পরিকল্পনা করলেন। সেইমতো প্রায় ১০ বছর পর মামনির আব্বু ও আম্মু পা রাখলেন  'জামাই'-এর বাসাবাড়িতে। অনেক বদল চোখে পড়ল মিনারুলের। মেয়ের চেহারা, পোশাক-আশাক, ব্যবহার এমনকি ঘর-দোর পর্যন্ত। 
পুরনো অশান্তির সব কথা ভুলে থাকলো পলাশ। বাজার থেকে 'শ্বশুর' মশাইয়ের জন্য বড় দেখে একটা কাতলা মাছ আনল সে। খাসির মাংসও আনলো। সে শুনেছে, শাশুড়ি বিরিয়ানি খেতে ভালোবাসে । 
মামনি এখন ভালো বিরিয়ানি রান্না করা শিখে গেছে। সব ঐ ইউটিউব দেখে দেখে। অনেকদিন পর আব্বু, আম্মুকে নিজের হাতে রান্না করে খাওয়াবে মামনি। তাই তার আনন্দ যেন আর ধরে না! সে এখন রান্নাঘরে।

পলাশ এখন একটা মাইক্রোফিন্যান্স কোম্পানির এরিয়া ম্যানেজার। তার কাজের চাপ অনেক। ছুটিতে বাড়িতে থাকলেও কাজ নিয়ে বসতে হয় তাকে। অফিসের কাজ নিয়ে সে বসেছে পাশের ঘরে।
রুখসানা বিবি যাত্রাপথের ধকল সইতে পারেননি। তিনি  ভীষণরকম ক্লান্ত। ঘুমিয়ে আছেন খাটের পরে। এদিকে যোহরের নামাজ শেষ করে বারান্দায় নাতির সঙ্গে 'গল্প' করছেন মিনারুল। গল্পের মাঝখানে হঠাৎ তিনি নাতি তিয়াসকে কোলের কাছে টেনে নিলেন। একথা সেকথার পর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে মিনারুল বললেন, 'দাদু, মা মরলি, পুড়াইও না কিন্তু, কবর দেও। বুঝলে? আর শোনো, কারুরে যেন কইও না কথাটা।'
কথাটা যেন একটু জোরে বলা হয়ে গিয়েছিল মিনারুলের!  রুখসানা ঘুমাচ্ছেন, তাঁর শোনার কথা নয়। পলাশ পাশের ঘরে কাজে বেশ ব্যস্ত। কিন্তু রান্নাঘর থেকে মামনি কথাটা  শুনতে পেল। 
ধীরে ধীরে সে দরজার সামনে এসে দাঁড়ালো। আব্বু ঠিক কী বলেছে জানার জন্য ছেলেকে সে বললো, 'কি হয়েছে তিয়াস, কবর নিয়ে কি বললে যেন?'

----- আমি না, দাদুভাই-ই তো বলছিল, তুমি মরে গেলে তোমাকে কবর দিতে। 

মামনি আব্বুর দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য চুপ করে থাকলো। ঘাবড়ে গিয়ে মাথাটা নিচু করে ফেললেন মিনারুল, মামনির 'আব্বু'।
আড়চোখে একবার মিনারুলকে দেখে নিয়ে মামনি বললো, 'আব্বু, দেহটা আমি দান করার সিদ্ধান্ত নিয়েছি। পোড়াতেও হবে না, কবরও দিতে হবে না। বুঝলে?'

মামনির কথাটা শোনার পর আবারও মিনারুল মাথাটা নিচু করেই রইলেন। মাথা উঁচু করার সৎ সাহস যে নেই তাঁর! 



-----------------

বুধবার, ১৯ মার্চ, ২০২৫

অভাগীর সুখ (শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' গল্প অবলম্বনে রচিত।) : সুজয় চক্রবর্তী

অভাগীর সুখ : সুজয় চক্রবর্তী 



[১]
শত চেষ্টা করেও যখন একটা কাঠ  জোগার করা গেল না, তখন নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হল। অভাগীর মুখে আগুন দিয়ে তার শেষ ইচ্ছে পূরণ করলো কাঙালি। তারপর মরদেহে মাটিচাপা দিলো শ্মশানযাত্রীরা।

যে খড়ের আঁটি জ্বেলে কাঙালি মায়ের মুখে আগুন দিয়েছিল, তার থেকেই কুন্ডলী পাকিয়ে পাকিয়ে ধোঁয়া উঠছিল উপরে। গালে হাত দিয়ে বসে সেদিকেই তাকিয়ে ছিল সে। মা বলেছিলো, 'ও ধূঁয়া না বাবা, সগ্যের রথ'। মুখুয্যে বাড়ির গিন্নির মতো মা-ও তবে আকাশপথে রথে চড়েই সগ্যে যাচ্ছে! একটা দীর্ঘশ্বাস ফেলে দু'হাতের চেটো দিয়েআ১ চোখদুটো মুছলো কাঙালি। হঠাৎ রসিক এসে পিঠে হাত রাখলো তার। মুখ তুলে রসিকের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলো কাঙালি। 'এই লোকটা তার বাবা!' অব্যক্ত এক প্রতিশোধ স্পৃহায় তার সর্বাঙ্গ যেন জ্বলে যাচ্ছিল। কিন্তু কোনও কথা বললো না সে। মৃত মায়ের মুখটা মনে পড়তেই আবারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো কয়েক ফোটা। রসিকের হাতটা এক ঝটকায় সরিয়ে নিয়ে চোখটা মুছে নিল সে। তারপরই ছুট দিলো সামনের আম বাগানের দিকে। রসিক ডাক দিল অনেক করে,---- ‘ কাঙালি,  শোন বাবা, শোন।' কিন্তু কে শোনে কার কথা। সে ডাক কাঙালির কাছে বড়ো অচেনা ঠেকলো। সাড়া দিল না সে। কিছুটা দূরে গিয়ে 'থু' করে একদলা থুতু ছিটিয়ে ফেললো মাটিতে। 

আজ সারাদিন শুধু মায়ের কথাই মনে পড়ছে কাঙালির। মা’র সঙ্গে ‘সগ্যে’ গেলেই মনে হয় সবচে ভালো হত। জল আর বাতাসা খেয়েই না হয় থাকতো। তবু তো মা’র পাশে শুয়ে রাজপুত্তুর, কোটাল-পুত্তুর আর পক্ষীরাজ ঘোড়ার গল্প শোনা যেতো! এর জন্য মা’র ওপর তার একটু অভিমানও হল। মা কি তাকে ‘সগ্যে’ নিয়ে যেতে পারতো না? সে এখন কার কাছে থাকবে? কোথায় থাকবে? মা ছাড়া তো এই পৃথিবীতে তার কেউ নেই ! কে তাকে আদর করে ডাকবে ----‘কাঙালি , আয় বাবা, আমার কাছে আয়। পান্তাভাত নুন লংকা দিয়ে মেখেছি, দুটো খেয়ে নে।' মা কত দুঃখ করে বলতো, ‘কাঙালি, তুই বড় হয়ে আমার সব আশা মিটাবি বাবা, সব। তোর বাবা তো আমার কথা কোনও দিন ভাবলোও না।' তারপরেই দীর্ঘশ্বাস ফেলে বলতো, 'জানি না। আমার যা কপাল! কোনও দিন সুখের মুখ দেখবো বলে মনে হয় না!...কাঙালি তখন মায়ের কথা কেড়ে নিয়ে বলতো, ‘তুমি চুপ করো না মা, আমি তো আছি!’ 

আর সেইজন্যই বেতের কাজটা শিখছিল কাঙালি। এভাবে আর বছর খানেক কাটিয়ে দিতে পারলেই মা'কে একটু 'সুখের মুখ' দেখাতে পারবে ভেবেছিল সে। কিন্তু সে সুযোগ আর হলো না! মা'ই দিলো না। তার খালি মনে হয় মা যদি কবিরাজের ওষুধগুলো ঠিকমতো খেতো, তাহলে সুস্থ হয়ে যেতো। কিন্তু খেলো না তো! দুলে-বাগদিরা মানুষ না? তাদের শরীর খারাপ হবে না? তবে ওষুধ কেন খেলো না, মা?  

মা’কে হারিয়ে আজ মন ভারাক্রান্ত কাঙালির। খুব দুঃখী মা তার। অনেক কষ্ট সহ্য করেছে এ জীবনে। বাবা যখন মাকে ফেলে রেখে পাশ কাটালো অন্য মহিলার সঙ্গে, তখনও মা মুখ বুজে পড়ে থেকেছে গ্রামেই। কোথাও যায়নি। আর কোথায় বা যাবে? নিজের বলতে তো আর কেউ ছিল না। শুধু কাঙালি। গ্রামের সব দুলে বউ-ই তাকে বড়ো ভালোবাসতো। তারা বলতো, 'তার মতো 'সতী-লক্ষ্মী' বউ পাওয়া ভাগ্যের ব্যাপার।' অন্যের দুঃখে চোখের জল ফেলতো মা! রক্তের সম্পর্ক তো নেই-ই, কোনও ভাব-ভালোসার সম্পর্কও ছিলো না যাদের সঙ্গে, সেই বামুনদের গিন্নি মরলে যে মা কেঁদে ভাসায়, সে মা ভালো না হয়ে কি পারে? কিন্তু সবাই বুঝলেও কাঙালির আফসোস হয়, বাবা কেন তা বুঝলো না! না-কি বোঝার চেষ্টাই করলো না কোনও দিন। 
অনেকেই তো চেয়েছিল, কিন্তু একমাত্র কাঙালির জন্যই মা আর নিকে করেনি। কাঙালির মনে হয়, মা ভালোই করেছে নিকে না করে। মা যদি বাবার মতো নিকে করে অন্য গাঁয়ে চলে যেতো, তাহলে তো সে না খেয়েই মরে যেতো! তখন মা'কে জড়িয়ে ধরে গল্প শুনতো কে? কাজ কামাই করেও মা'র বুক ঘেঁষে শুয়ে রূপকথার গল্প শোনা যে কি আনন্দের তা শুধু কাঙালিই জানে। 

বাবার পায়ের ধুলো নিয়ে মা'র সগ্যে যাওয়ার শখ। কিন্তু কেন, মা, কেন! কী পেলে সারাজীবন? কিচ্ছু না। তোমার মৃত্যুর জন্য দায়ী যে লোকটা তার জন্য তোমার এতো ভক্তি কীসের? কেন তার পায়ের ধুলো! সে কি ভগবান? 
বাবার সামনে দাঁড়িয়ে আজ কতগুলো প্রশ্ন ছুঁড়ে দিতে ইচ্ছে করে কাঙালির। ---- মা থাকতে বাবা কেন আবার বিয়ে করেছে? আর বাবা হয়ে কাঙালির কোন আব্দারটাই বা সে রেখেছে? কিন্তু ইচ্ছে করলেও পারে না। মায়ের ছেলে যে সে! মা-ও পারতো না। মুখ বুজে থাকতো। তাই রসিক পাশে এসে দাঁড়ালে কাঙালি চুপ করে থাকলো।
অভাগীর অকাল মৃত্যু কাঙালিকে বাবা রসিকের কাছে নিয়ে এল বটে, তবে বেশ খানিকটা দূরত্ব রচনা করেই। একরাশ ঘৃণা ঝরে পড়লো কাঙালির ; বাবা রসিকের উপর, এই সমাজটার উপরেও । যে সমাজ জাত-পাতের দুয়ো দিয়ে মানুষের শেষ ইচ্ছে নিয়ে পরিহাস করে, কাঙালির ইচ্ছে করে ঘুণধরা এই সমাজটাকেই পুরো জ্বালিয়ে দিতে। আর জন্মদাতা পিতার খুব কাছে গিয়ে বলতে ইচ্ছে করে, ‘ তুমি একটা ঠগ, বুঝলে ? তুমি একটা ঠগ ‘।

[ ২ ]
বেতের কাজটা শিখছিল যখন ঠিক তখনই মা মারা গেল! আর সে কাজে আগ্রহ ছিল না কাঙালির। ছেড়ে দিয়েছিল।  

কাঙালি এখন নরেশ মিত্তিরের চালের আড়তে কাজ করে। নরেশবাবু লোকটা ভালো। মা-মরা ছেলেটার দুঃখ সহ্য করতে না পেরে নিজের আড়তেই কাজ জুটিয়ে দিয়েছেন। নরেশবাবুকে দেখে কাঙালির মনে হয় কিছু মানুষ এখনও আছে যাদের জন্য পৃথিবীটা এতো সুন্দর! যাদের পায়ের ধুলো মাথায় ছোঁয়ানো যায়।
টিফিন বাবদ রোজ পাঁচ টাকা মিলিয়ে মাসের শেষে কাঙালির হাতে থাকে প্রায় পঁচিশ'শ টাকার মতো। সৎভাই বিশুকে এবার দুর্গা পুজোয় নতুন জামা কিনে দেওয়ার কথা ভেবেছে কাঙালি। টাকা জমিয়ে জমিয়ে ইতিমধ্যে একটা পুরনো  সাইকেলও কিনে ফেলেছে সে। আড়তের কর্মচারী বৃন্দাবনের রেডিওটাও এখন কাঙালির জিম্মায়। বৃন্দাবন কাঙালিকে ছোট ভাইয়ের মতোই দেখে, তাই খুব কম দামেই দিয়েছে ওটা। বৃন্দাবন আরও কিছু জমিয়ে একটা টেপরেকর্ডার কিনেছে। রসিক বাড়ি থাকলে কাঙালির কেনা রেডিওটা চালিয়ে গান শোনে, শোনায় বিশুর মা’কেও।
রসিকের সংসারে এখন কাঙালির খুব কদর। কিছুদিন ধরে শুধু রসিক নয়, কাঙালির সৎ মা ও ভাই বিশুও তাকে বেশ সুনজরেই দেখছে। কাঙালি তার কারণটা বোঝে। তার শুধু মনে হয়, যদি মা বেঁচে থাকতো এখন, কতো আনন্দই না পেতো! মা বেঁচে থাকলে তার হাতে নতুন কাপড়ের প্যাকেট ধরিয়ে দিয়ে পরনের ছেঁড়া কাপড়টা বদলে আসতে বলতো কাঙালি। কিন্তু সেতো আর কোনও দিনই হওয়ার নয়! 
মাঝেমধ্যে রসিক যখন তার দ্বিতীয় গিন্নির সঙ্গে রসিকতায় মেতে ওঠে, কাঙালির তখন খুব মনে পড়ে মায়ের মুখটা। গালে হাত দিয়ে ভাবে ------মা’কি দেখতে সেই তেমনই আছে? মা কি এখনও তাকে ডাকে? সে ছাড়া মা'র যে আর কেউ নেই, কেউ ছিলো না কখনও।

[ ৩ ]
আজ নরেশবাবুর কাছ থেকে মাসের মাইনে হাতে পেয়ে খুশিতে মন ভরে গেল কাঙালির। প্রথমেই মনে পড়লো বিশুর কথা। বিশু কালকে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার বায়না ধরেছিলো বাবার কাছে। আজ তাই বাজার থেকে একটু মাছ নিয়ে যেতে হবে বাড়িতে। নাহলে খারাপ দেখায়৷। হাজার হোক সে তো বয়সে ছোট!
মা মাছ খেতে বড়ো ভালোবাসতো। বিন্দিদের বাড়ি থেকে যখন মাছ ভাজার গন্ধ আসতো নাকে, তখন মা বলতো, 'কাঙালি, তুই তাড়াতাড়ি বড়ো হ' বাবা।  কাজ করে যখন টাকা নিয়ে আসবি বাড়িতে, তখন আমরাও মাছ খাবো। ওদের থেকে ভালো মাছ খাবো আমরা।' কাঙালি আপনমনে বিড়বিড় করলো, 'আজ বাড়িতে মাছ নিয়ে যাবো,মা। কিন্তু তুমিই তো নেই!' 
সন্ধ্যের দিকে মাছ বাজার থেকে পাঁচশো বাটা মাছ আর নিরঞ্জন ঘোষের দোকান থেকে পাঁচশো জিলিপি কিনে বাড়ি ফিরলো কাঙালি। 
রসিক আজ কাজে যায়নি। মানে কাজ হয়নি। রাজমিস্ত্রীর যোগাড়ে সে। ইদানিং প্রায়ই তার কাজ হচ্ছে না। বাড়িতেই ছিল। চারজনে একসঙ্গে বসে কাঙালির আনা জিলিপি খেল আনন্দ করে। রেডিওতে তখন গান চালিয়েছিল রসিক। খাওয়া-শেষে বিশুর মা মাছগুলো নিয়ে চলে গেল রান্নাঘরে। রসিক রেডিওটা নিয়ে নেমে গেল উঠোনে। 
একে তো চৈত্রের শেষ, তায় আবার গাছের পাতা একটাও নড়ছিল না। সারাদিনের ক্লান্তি তিন বালতি জলে মিটিয়ে নিলো কাঙালি। তারপর স্নান সেরে, চুল আচড়ে ঘরের দাওয়ায় এসে বসলো। সঙ্গে সঙ্গে কোথা থেকে বিশু এসে একটা হাতপাখা দিয়ে গেল কাঙালিকে! পাখার হাওয়া খাচ্ছিল কাঙালি। হঠাৎ তেল উঠে দপ্ দপ্ করতে করতে হ্যারিকেনটা গেল নিভে। 
হাতপাখাটা রেখে হ্যারিকেনটা নিয়ে বসলো কাঙালি। পাশে দাঁড়িয়ে টর্চের আলো ফেলছিল বিশু। এমন সময়ই রসিকের চিল-চিৎকার শোনা গেল। সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে লম্প হাতে বেরিয়ে এল বউ। কাঙালিও তখন একছুটে বাইরে। ঠিক কাঁঠাল গাছটার নিচে শুয়ে ছটফট করছে রসিক। তার মুখ দিয়ে শুধু গ্যাজলা বেরচ্ছে। অন্ধকারেও পুরো ব্যাপারটা পরিস্কার হয়ে গেল। লম্পের আলোয় দংশনের জায়গাটা দেখেই আঁতকে উঠলো বউ। গ্রামের মেয়ে সে। সাপ চেনে। জাত সাপে কামড়েছে রসিককে!

রাতেই কাঙালি ছুটলো নবীন ওঝার বাড়ি। সাইকেলে প্রায় আধ ঘন্টার পথ সে পনেরো মিনিটে এসে পৌঁছালো! তারপর ওঝা এল বাড়িতে। ঝাড়ফুঁকও হল। কিন্তু রসিকের আর জ্ঞান ফিরলো না। 
রাতটা কাটলো কোনওরকমে। ভোর হতেই মরাকান্না শুনে ভিড় জমালো পড়শীরা। ঈশ্বর নাপিতের ছেলে বিভূতি এসে নাড়ী টিপে দেখলো। তারপর মাথা নাড়িয়ে জানান দিলো, সব শেষ! শ্মশানে নিয়ে যাওয়া হল রসিককে। কাঙালি বড়ছেলে। নিয়মমতো তাই তাকেই মুখাগ্নি করতে হল। এরপর নদীর চরে গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া হল রসিকের দেহটাকে। মাটিচাপা দিল দুলে পাড়ার দু-একজন। সৎভাই বিশুর কাঁধে হাত রেখে ভরসা দিল কাঙালি ।
 হাত জোড় করে প্রণাম করে আকাশের দিকে তাকিয়ে কাঙালি মনে মনে বললো , ‘ মা, বাবাও দেখো সগ্যে যাচ্ছে, এবার তুমি সুখী হবে।'


* শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে নবনির্মাণ। 

---------------