রক্তে আঁকা মানচিত্র
সুজয় চক্রবর্তী
গ্রামের নাম কুলতলি। নদীর কোলঘেঁষে শান্তিপূর্ণ জনপদ ছিল একসময়। কিন্তু এখন লাল-নীল-সবুজ পতাকায় ভাগ হয়ে গেছে পাড়া-মহল্লা। প্রায়ই শোনা যায়, বোমা-গুলির শব্দ।
কাল রাতেও গুলি চলেছে। রমেশ মন্ডলের দোকান ভেঙেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না সুভাষকাকার ছেলেটাকে!
রাত কাবার হলে, ভোরবেলা পঞ্চায়েত প্রধান এলেন। মাথায় তার দলীয় গামছা, পাশে দুজন দেহরক্ষী। বললেন, "শুনুন সবাই, উন্নয়ন চাইলে কিন্তু শান্তি বজায় রাখতে হবে।"
লোকজন কথা বলে না। মাথা নীচু করে সব ফিসফিস করে। কেউ চিৎকার করতে ভয় পায়, কারণ কে কাকে ধরিয়ে দেবে, কে জানে?
শান্তনু মাস্টার 'নিখোঁজ' ছেলেটার গলাকাটা লাশ দেখে এসে বললেন,“এটা খেলা নয়। এটা যুদ্ধ। অথচ যুদ্ধে মরছে শুধু প্রজা, রাজা নয়।”
উপস্থিত এক বৃদ্ধ মৃদু হেসে, তিক্ত গলায় বললেন,“রাজা মরলে তো খেলা থেমে যায়, মাস্টারমশাই! তাই সব কালে প্রজাদেরই মরতে হয়। নিয়ম এটাই।”
নিঃশব্দে তখন নৌকো পার হয়ে গেল আরেকটি গ্রামে। সেখানেও হয়তো আজ একই খেলা হবে।
------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন